বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ফলে ধোঁয়া ও ক্ষতিগ্রস্ত এলাকা, বহু মানুষ ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারতের বেঙ্গালুরুর গ্রামীণ অঞ্চলে একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এই বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় কারখানায়। আগুনে পুড়ে অন্তত ১৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়াও এই ঘটনায় আরও সাতজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার ৮ অক্টোবর হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, শনিবার বিকেল-সন্ধ্যা নাগাদ কর্ণাটকের অ্যাটিবেলে ঘটনাটি ঘটে।
সেন্ট্রাল রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল বিআর রবিকান্ত গৌড়া বলেন, গুরুতর আহত সাত শ্রমিককে উদ্ধার করে দু’টি হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা গেছে।
বেঙ্গালুরু গ্রামীণ জেলার পুলিশ সুপার মল্লিকার্জুন বালনন্দি জানান, দুর্ঘটনার সময় কারখানায় ২০ জন কাজ করছিলেন। আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যাই। বেশ কয়েকজনকে তখন খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সবাইকে উদ্ধার করা হয়।
অন্যদিকে কী কারণে এই বিস্ফোরণ ঘটে, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। বিস্ফোরণের আসল কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোডাউনের বিদ্যুতের লাইনে ছোট ফুলকি থেকেই আগুন লাগে। সেখান থেকে বিস্ফোরণ ঘটে এবং আগুন আরও ছড়িয়ে পড়ে।





