রাজধানীতে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ১২৬

রাজধানীতে যৌথবাহিনী অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনী সদস্যরা অবস্থান করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযানে ১৩৬ অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য, অবৈধ ঔষধ, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, পাসপোর্ট, এনআইডি, মোবাইল ফোন, সিমকার্ড, অবৈধ প্রসাধনী ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
আজ শনিবার রাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৫ ফেব্রুয়ারি থেকে আজ ১ মার্চ পর্যন্ত এ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড, ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড, ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড ও ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ, র্যাব এবং থানা পুলিশের সমন্বয়ে মিরপুর-১, মিরপুর-১০, মিরপুর-১১, কাজীপাড়া, কামরাঙ্গীরচর, গনকটুলী, চকবাজার, সোয়ারিঘাট, মোহাম্মদপুর, শেখেরটেক, আদাবর, হাতিরঝিল, রায়ের বাজার, খিলক্ষেত, কাফরুল, ভাষানটেক, ইসিবি চত্বর, উত্তরা, আবদুল্লাপুর, দক্ষিণখান ও নিকুঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যৌথ অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজ, ডাকাত দলের সদস্য ছিনতাইকারী, কিশোর গ্যাং সদস্য এবং মাদক ব্যবসায়ীসহ ১২৬ জন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যেকোন সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।






