ফ্লাইটে জ্ঞান হারিয়ে ১১ বছর বয়সী শিশুর মৃত্যু

Turkish Airlines aircraft on the runway, preparing for takeoff or landing, with scenic mountains and trees behind. Channel i News – চ্যানেল আই নিউজ
ইস্তাম্বুল থেকে নিউইয়র্ক যাওয়ার পথে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জ্ঞান হারিয়ে ১১ বছর বয়সী এক শিশু মারা গেছে। শিশুটি তার পরিবারের সাথে ভ্রমণ করছিল।
এনডিটিভি জানায়, তুরস্কের স্থানীয় সময় রোববার সকাল ৮টা ৫৬ মিনিটে ইস্তাম্বুল থেকে নিউইয়র্কের দিকে রওনা দিয়েছিল ফ্লাইট টিকে০০৩। তবে কিছুক্ষণ পরেই একটি শিশু জ্ঞান হারিয়ে ফেললে সেটি হাঙ্গেরির বুদাপেস্ট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরী অবতরণ করানো হয়।
বুদাপেস্ট বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটে অসুস্থ হয়ে পড়ে জ্ঞান হারায় এক শিশু। মাঝ আকাশে তার প্রাথমিক চিকিৎসা চলে। তাকে কার্ডিয়ো পালমোনারি রিসাসিটেশন (সিপিআর) দেওয়া হয়। তবে তাতেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় রোববার সকাল সাড়ে ১০টা নাগাদ বিমানবন্দরে অবতরণ করানো হয়। অবতরণের আগে থেকেই বুদাপেস্ট বিমানবন্দরের স্বাস্থ্য পরিষেবায় নিযুক্ত ইউনিটের সদস্যেরা ওই শিশুর জ্ঞান ফেরানোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছিলেন। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণে বাঁচানো যায়নি।
শিশুটির মৃত্যুর কারণ ও পরিচয় সম্পর্কে কিছু জানায়নি বুদাপেস্ট বিমানবন্দর কর্তৃপক্ষ।






