প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ির নিরাপত্তায় মাঠে থাকবে ১০ হাজার পুলিশ ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে বেগম খালেদা জিয়ার জানাজার আগে তার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে।
এসময় বেগম জিয়ার মরদেহবাহী গাড়ির নিরাপত্তায় ১০ হাজার পুলিশ ও এপিবিএন সদস্য মাঠে থাকবেন। এছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনীর সদস্যও দায়িত্বে থাকবেন বলেও জানান তিনি।
তিনি আরো জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফনের পুরো প্রক্রিয়াটি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে।
শফিকুল আলম বলেন, “খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ ও কূটনীতিকরা উপস্থিত থাকবেন।”
বেগম খালেদা জিয়ার জানাজা বড় আকারে অনুষ্ঠিত হবে । সে আলোকে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।







