খাগড়াছড়িতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকায় প্রেস ব্রিফিং
পাহাড়ি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় উদ্ভুত অবস্থা যাতে অবনতি না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তরণে খাগড়াছড়ি ও গুইমারায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকায় প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।
কর্নেল মো. আব্দুল মোত্তাকিম বলেন, খাগড়াছড়ি ও গুইমারায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তরণে বিজিবি বেসামরিক প্রশাসনের সাথে নিরলসভাবে কাজ করছে। উদ্ভুত অবস্থা যাতে অবনতি না ঘটে সেজন্য ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দ্রুত পদক্ষেপের কারণে কেউ বড় ধরনের নাশকতার সুযোগ পায়নি। সেনাবাহিনী, অন্যান্য বাহিনীর সদস্য ও প্রশাসনের চেষ্টায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
পাহাড়ি-বাঙালি শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন। ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে কর্নেল মো. আব্দুল মোত্তাকিম বলেন, বিজিবির কঠোর অবস্থানের কারণে খাগড়াছড়ি ও আশপাশ এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবরোধটি প্রত্যাহার করা হলেও ১৪৪ ধারাও তুলে নেয়া হবে বলেও আশ্বাস দেন।
তিনি বলেন, সীমান্তে কঠোর নজরদারি রাখা হয়েছে যাতে ওপাশ থেকে অবৈধ অস্ত্র ঢুকতে না পারে। পাহাড়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলবে।
এসময় খাগড়াছড়ি ব্যাটালিয়নের (৩২ বিজিবি) অধিনায়ক অধিনায়ক লে. কর্নেল কামরান কবির উদ্দিন, সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান ও ইউছুপ আলী উপস্থিত ছিলেন।






