গত বছরের জুনে কব্জি ও হাতের চোটের কারণে দীর্ঘ নয় মাস টেনিস থেকে দূরে ছিলেন ডমিনিক থিয়েম। আন্দালুসিয়া ওপেন দিয়ে ফিরেছেন কোর্টে, নেমেই পেলেন জয়। শুধু পেলেন না স্বস্তি। তার শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস।
মঙ্গলবার পেড্রো ক্যাচিনের বিপক্ষে ৬-৩ ও ৬-৪ ব্যবধানে জিতেছিলেন থিয়েম। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৮ বছর বয়সী অস্ট্রেলিয়ান করোনা পজিটিভ হওয়ার বিষয়টি জানান।
থিয়েম জানিয়েছেন, মঙ্গলবার রাতের খাবারের পর অসুস্থ বোধ করছিলেন এবং ভালো রাত কাটাতে পারেননি। শরীরে মৃদু উপসর্গ দেখা দেয়। বুধবার তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।
২০২০ সালে ইউএস ওপেনের শিরোপা জিতেছিলেন থিয়েম। ২০১৮ ও ২০১৯ সালের ফ্রেঞ্চ ওপেনে ফাইনালে রাফায়েল নাদালের কাছে হেরে রানার্সআপ হন। ২০২০ সালে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নোভাক জোকোভিচের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেন।
একসময় র্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা থিয়েম বর্তমানে ৫০তম স্থানে নেমে গেছেন।









