৭০x৫ পাউন্ড কেক কেটে খালেদার জন্মদিন উদযাপন

নিজের ৭০তম জন্মদিনে নেতা কর্মীদের নিয়ে কেক কেটেছেন বিএনপি চেয়ারপর্সন বেগম খালেদা জিয়া। রাতে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দলের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জন্মদিন উপলক্ষে গুলশানের কার্যালয় সাজানো হয় আগে থেকেই। রাত ৯টার দিকে গুলশান কার্যালয়ে আসেন বিএনপি চেয়ারপার্সন। কার্যালয়ের নিচতলার হলরুমে আগে থেকে সাজানো কয়েকটি কেকের সামনে নেতা-কর্মীদের নিয়ে দাঁড়ান তিনি।
প্রথমে মোনাজাতে শরিক হয়ে জন্মদিনের কেক কাটেন তিনি। প্রথমে বিএনপি, এরপর একে একে ছাত্রদল, ঢাকা মহানগর বিএনপি, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের কেক কাটেন খালেদা জিয়া।
পাঁচটি কেকের প্রতিটি ছিলো ৭০ পাউন্ডের। সেসময় দলের কয়েকজন স্থায়ী কমিটির সদস্য ছাড়াও সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। তারা খালেদা জিয়াকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। এর পর খালেদা জিয়া হলরুমের বাইরে এসে বারান্দায় দাঁড়িয়ে কর্মীদের শুভেচ্ছা গ্রহণ করেন।





