নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজ স্টুয়ার্ট ব্রডের ঘরের মাঠ। তাইতো নিজের মাঠে অজিদের ধ্বংসস্তুপে রুপান্তর করতে নিজেই জ্বলে উঠলেন। নিলেন আট উইকেট। অ্যাশেজের চতুর্থ টেস্টর প্রথম দিনে ব্রডের বিধ্বংসী বোলিং তোপে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে গেছে মাত্র ৬০ রানে।
নিজের রেকর্ড গড়ার দিনে ইংল্যান্ডের পঞ্চম বোলার হিসেবে লাভ করেছেন টেস্ট ক্রিকেটে তিনশ’ উইকেট। এছাড়া এই ইনিংসে ব্রডের করা মাত্র ১৯ বলে ছয় উইকেট নেয়াও বিশ্ব রেকর্ড। এর আগে ১৯৪৭ সালে গাবায় ইংল্যান্ডের বিপক্ষে অজি পেসার অ্যারনে টোস্যাক প্রথম ১৯ বলে পাঁচ উইকেট নিয়েছিলেন।
৮৩ তম টেস্ট খেলতে নামা ব্রডের প্রথম শিকার অজি ওপেনার ক্রিস রজার্স স্লিপে অ্যালিস্টার কুকের হাতে ক্যাচ দিয়ে আউট হন। এরপর ক্রিকেট বিশ্ব দেখেছে অজিদের আসা যাওয়া, ব্রডের আগুন ঝড়ানো বলে একে একে সাজঘরে ফেরেন স্টিভেন স্মিথ, ওয়ার্নার, মার্শ, ভোজেস, মাইকেল ক্লার্ক, স্টার্ক, জনসন ও লিয়ন।
অজিদের ইনিংসে সর্বোচ্চ রানও এসেছে ইংল্যান্ডের কৃপায়। অতিরিক্ত থেকে আসা ১৪ রানই অজিদের সর্বোচ্চ স্কোর। এছাড়া দুই অংকের ঘরে পৌছেছে অধিনায়ক মাইকেল ক্লার্ক (১০) ও বোলার মিচেল জনসন (১৩)। ইংলিশদের পক্ষে অপর দুটি উইকেট নেন মার্ক উড ও স্টিফেন ফিন।
ট্রেন্ট ব্রিজের এই টেস্ট জিতলেই অস্টেলিয়ার কাছ থেকে অ্যাশেজ পুনরুদ্ধার করবে ইংল্যান্ড। ৫ ম্যাচের এই সিরিজে ২-১ এ এগিয়ে আছে ইংল্যান্ড।







