জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে স্থানান্তর করে আগামি ৬০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আদালত পরিবর্তন চেয়ে খালেদা জিয়ার আবেদনের নিষ্পত্তি করে বিচারপতি এম. এনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবি এ. জে. মোহাম্মদ আলী এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবি খুরশীদ আলম খান।
গত ৫ ফেব্রুয়ারি দুই পক্ষের শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য ৮ মার্চ দিন ধার্য করেছিলেন। বর্তমানে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি বিচারের শেষ পর্যায়ে রয়েছে।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতিমদের সহায়তা করার উদ্দেশে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।
এ মামলায় খালেদা জিয়াসহ মোট আসামি ছয়জন। অন্য পাঁচ আসামি হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন।







