চট্টগ্রাম থেকে: বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শুরুর আগে মি. ডিপেন্ডেবল ৬৮ রান দূরে ছিলেন। ৫৩ রানে অপরাজিত থেকে চতুর্থ দিন শুরু করা মুশি মাইলফলক স্পর্শ করেন দায়িত্বশীল ব্যাটিংয়ে।
সকালের সেশনে ১৫ রান নিয়ে ৫ হাজার পূর্ণ করতে বেশ সময় নিয়ে খেলেন এমআর১৫। সবার আগে ৪ হাজার রানের মাইলফলকে নাম লেখানো তামিম ইকবাল পাঁচ হাজারেও হতে পারতেন প্রথম। ১৫২ রান দূরে থেকে ব্যাটিংয়ে নেমে মুশফিকের আগেই ৫ হাজার ছোঁয়ার আশা জাগান।
মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় দিনে ১৩৩ রান করার পর চোট পেয়ে তামিম মাঠ ছাড়ায় সেটি সম্ভব হয়নি। মুশফিককে অভিনন্দন জানিয়েছেন তামিম। ড্রেসিংরুম থেকে বেরিয়ে দেন করতালি।
পাঁচ হাজার রান ছুঁতে মুশফিকের লেগেছে ৮১ ম্যাচ। ৬৬ ম্যাচে তামিমের সংগ্রহ ৪,৯৮১ রান। আর ১৯ রান করলে তামিমও নাম লেখাবেন এই অর্জনে। সেঞ্চুরির পর গরমে ক্র্যাম্প করায় তৃতীয় দিন চা বিরতির পর আর ব্যাটিংয়ে নামেননি টাইগার ওপেনার। স্বেচ্ছা অবসরে যান। সেই চোট কাটিয়ে তামিম ফিট হয়েছেন।
মুশফিক-লিটন দাসের জুটি ভাঙলেই হয়ত ২২ গজে দেখা যাবে তামিমকে। শতরান পেরিয়ে যাওয়া অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে বাংলাদেশ পাড়ি দিয়েছে সাড়ে তিনশর পথ। প্রথম ইনিংসে লিড পাওয়া কেবল সময়ের ব্যাপার।







