ভারতের হায়দরাবাদে তেলেগু টিভি চ্যানেলের উপস্থাপিকা রাধিকা রেড্ডি তার নিজ বাসার ৫ তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন।।
পুলিশ জানায়, ৩৬ বছর বয়সী রাধিকা রোববার মধ্যরাতে মায়ের বাসার পঞ্চম তলা থেকে লাফ দেন। তার মরদেহ উদ্ধারের সময় ব্যাগে একটা ‘সুসাইড নোট’ পাওয়া গিয়েছিল। সেখানে লেখা ছিল, ‘মস্তিষ্কই আমার চরম শত্রু’। এই লেখা দেখে পুলিশ ধারণা করছে রাধিকা পারিবারিক সমস্যায় হতাশাগ্রস্ত ছিলেন।
মারা যাওয়ার দিন রাধিকা টিভিতে কাজ করে বাসায় পৌঁছে রাত ১০টা ৪০ মিনিটে বাসার ছাদে যান। পরে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন।
পুলিশ কর্মকর্তা প্রসন্ন কুমার পিটিআইকে জানিয়েছেন, ছয় মাস আগে স্বামীর সাথে রাধিকার ডিভোর্স হয়ে যায়। সে তার ১৪ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে নিয়ে মায়ের বাসায় থাকতো। পারিবারিক নানা সমস্যার কারণে প্রায়ই অসুস্থ থাকতেন রাধিকা।
তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখার জন্য ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বলেও জানান পুলিশ কর্মকর্তা প্রসন্ন কুমার।








