তৈরি পোশাক কারখানা মালিক প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে এ বৈঠক ডাকা হয়েছে বলে শ্রম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জনিয়েছে, মঙ্গলবার বিকাল ৪টা থেকে শ্রম ভবনের সম্মেলন কক্ষে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়েছে।
গত তিনদিন ধরে রাজধানীর উত্তরা আবদুল্লাহপুর ও আজমপুরে কারখানা শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। সকালে মিরপুরের কালশীতেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছুঁড়ছে পুলিশ।
রাস্তা অবরোধ করে বিক্ষোভ করায় সেসব এলকায় তীব্র যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
শ্রমিকদের অভিযোগ, নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে তারা মূল সড়কে অবস্থান নিয়েছে। সরকার নতুন বেতন কাঠামো নির্ধারণ করলেও মালিকপক্ষ তা দিচ্ছে না বলে শ্রমিকদের অভিযোগ।







