রাজধানীর হোসেনী দালান এলাকায় ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনার কয়েকদিন আগে থেকেই এক ব্যক্তি ওই স্থানের ছবি তুলছিলেন বলে জানিয়েছে স্থানীয় জনগণ। তাৎক্ষনিক অনুসন্ধানে এ তথ্য পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)। বিষয়টি তাদের আগে থেকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতো বলেও জানিয়েছে র্যাব কর্মকর্তারা।
ঘটনাস্থল পরিদর্শনে এসে র্যাবের দশম ব্যাটালিয়ান কমান্ডিং অফিসার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর সাংবাদিকদের বলেন, ঘটনার সময়ই আমরা এখানে উপস্থিত ছিলাম। কিন্ত লোকজনের ছোটাছুটি ও দৌড়াদৌড়িতে কাউকে সনাক্ত করা যায়নি।
ক্রমাগত ৩ দিন ধরে ওই এলাকায় ছবি তুলতে থাকা ব্যক্তি সর্ম্পকে জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনাস্থলের আশেপাশের জনগণের ভাষ্যমতে একজন লোক দুই-তিন দিন যাবৎ এখানকার ছবি তুলছিলো। ওই ব্যক্তিকে প্রশ্ন করা হলে সে কর্তৃপক্ষকে (তাজিয়া মিছিল সংশ্লিষ্ট) বলেছিলো যে, ‘ছবি তুলতে আমার ভালো লাগে।’ কিন্ত তারা বিষয়টি র্যাব বা পুলিশকে জানায়নি। বিষয়টি জানালে হয়তো নিরাপত্তার বিষয়টি আরো জোরদার হতো।
শুক্রবার গভীর রাতে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় পুরান ঢাকার হোসেনী দালানে ভয়াবহ গ্রেনেড হামলা হয়েছে। দুর্বৃত্তরা পরপর ৬টি হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় নিহত হয়েছে ১ জন। আহত প্রায় অর্ধশত আহত হয়।







