ক্রিকেট

৩৪ রানে ৭ উইকেট নেই, তারপরও এমন রোমাঞ্চ

৩৪ রানে ৭ উইকেট নেই, তারপরও এমন রোমাঞ্চ

লক্ষ্য ২৩৯। শুরু থেকেই উইকেট হারিয়ে বিপাকে কলাবাগান। ৫ রানে নেই চার ব্যাটসম্যান। ৩৪ রানে সাত। সংবাদকর্মীদের মধ্যে আলোচনা প্রিমিয়ার লিগে সর্বনিম্ন রানের রেকর্ড নিয়ে। আলোচনা অবশ্য বেশিক্ষণ থাকেনি। খাদের কিনারা থেকে তাইবুর রহমান ও আবুল হাসান রাজুর অসাধারণ ব্যাটিং কলাবাগানের জয়ের সম্ভাবনা জাগল।

খেলাঘরের বিপক্ষে সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত অবশ্য হারই মানতে হয়েছে কলাবাগানকে, ১৫ রানে। ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ২২৩ রানে থামে কলাবাগান। রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী হয় গ্যালারির শ’খানেক দর্শক!

বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামে ওপেনিংয়ে নেমেছিলেন মোহাম্মদ আশরাফুল। লিগের ‍শুরুর দিকে একটি সেঞ্চুরি হাঁকানো এ ব্যাটসম্যান নিজেকে আবার হারিয়ে ফেলেছেন! নিজেদের ষষ্ঠ ম্যাচে রানের খাতা খোলার আগেই আউট হন আশরাফুল। তার দেখানো পথে হাটে দলের স্বীকৃত অন্য ব্যাটসম্যানরাও।

অনূর্ধ্ব-১৯ দলের ডানহাতি পেসার হাসান মাহমুদ প্রথম স্পেলে ৩ উইকেট তুলে কলাবাগান শিবিরে ধস নামান। অপর প্রান্ত থেকে অফস্পিনার রবিউল ইসলাম রবি তুলে নেন ২ উইকেট। প্রথম পাঁচ ব্যাটসম্যান মিলে করেন ৪ রান। আশরাফুল ০, ওয়ালিউল করিম ১, তাসামুল হক ১, আকবর উর রহমান ০, মাহমুদুল হাসান ২।

মূর্তিকারিগর

আসা-যাওয়ার মিছিলের পরও ঘুরে দাঁড়িয়ে রোমাঞ্চকর এক ম্যাচ উপহার দেন কলাবাগানের দুই বোলিং অলরাউন্ডার।

দলের রান যখন ৩৪, আনজুম আহমেদের ওভারে দুই উইকেট হারিয়ে বসলে একশ’র আগেই অলআউট হওয়ার শঙ্কায় পড়ে কলাবাগান। সেখান থেকে প্রতিরোধ গড়েন তাইবুর রহমান ও আবুল হাসান রাজু। অষ্টম উইকেট জুটিতে যোগ করেন ১৩৬ রান।

ইনিংসের ৪৩তম ওভারে ৭৬ রান করে আল মাহমুদের বলে রাজু সাজঘরে ফিরলে ভাঙে জুটি। সঞ্জিত সাহাকে নিয়ে জয়ের আশা বাঁচিয়ে রাখেন তাইবুর। ৮১ রানের ইনিংস খেলা এ ব্যাটসম্যান আউট হন দলের রান দুইশ পার করে। সঞ্জিত সাহা ২৬ বলে ৩১ রানে অপরাজিত থাকেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে অশোক মানেরিয়ার ৯৫ ও অমিত মজুমদারের ৪২ রানের ইনিংসে ভর করে খেলাঘর তোলে ২৩৮ রান। মানেরিয়ার ৯৮ বলের ইনিংসে ছিল সাতটি চার ও চারটি ছয়ের মার। মুক্তার আলীর বলে সেঞ্চুরি থেকে মাত্র ৫ দূরে থেকে সঞ্জিত সাহার হাতে ক্যাচ দেন এ ভারতীয়।

রাহাতুল ফেরদৌস তিনটি, মুক্তার আলী ও নাহিদ হাসান নেন দুটি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন আবুল হাসান।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…