মোবাইল এবং ইন্টারনেট সেবাসহ টেলিযোগাযোগ সংক্রান্ত যেকোনো অভিযোগ জানাতে নতুন শর্টকোড ‘১০০’ চালু করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি)।
আগামীকাল আনুষ্ঠানিকভাবে নতুন এ শর্টকোডটি চালু করা হবে বলে বিটিআরসি সূত্রে জানা গেছে। এর ফলে এখন থেকে যেকোনো অভিযোগ জানাতে ‘২৮৭২’ নম্বরের পরিবর্তে কল করতে হবে ‘১০০’ নম্বরে।
বিটিআরসি জানিয়েছে, গ্রাহকদের কাছ থেকে প্রাপ্ত অভিযোগ নিষ্পত্তির পাশাপাশি প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়টি তদারকি করবে অভিযোগ ব্যবস্থাপনা টাস্কফোর্স। মোট তিন ধাপে টাস্কফোর্স পুরো বিষয়ের সমাধান করবে।
মোবাইল অপারেটর বা টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো অভিযোগ জানানোর পর প্রথম ধাপে কলসেন্টার থেকে সেটি পাঠিয়ে দেওয়া হবে টাস্কফোর্সের কাছে। দ্বিতীয় ধাপে টাস্কফোর্স অভিযোগটি যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট অপারেটরের কাছে সেটি পাঠিয়ে দেবে। অপারেটর থেকে অভিযোগের সমাধান পাওয়ার পর তা আবার গ্রাহককে জানিয়ে দেওয়া হবে যা হবে অভিযোগ ব্যবস্থাপনার তৃতীয় ধাপ।
নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, বর্তমানে লাইসেন্সপ্রাপ্ত ২০২৫টি টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান রয়েছে যাদের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা না পেলে ১০০ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন একজন গ্রাহক।








