ক্রিকেট

২০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল মেয়েরা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যরা প্রস্তুতি নিচ্ছেন, কোচের নির্দেশনা শুনছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যরা প্রস্তুতি নিচ্ছেন, কোচের নির্দেশনা শুনছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনার কারণে প্রায় একবছর স্থবির ছিল বিশ্ব ক্রীড়াঙ্গন। ধীরে ধীরে সব ধরনের আসর মাঠে গড়ালেও বাংলাদেশের মেয়েদের অপেক্ষাটা ছিল বেশ দীর্ঘ। অবশেষে এলো কাঙ্ক্ষিত ক্ষণ। ২০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন রুমানা-সালমারা।

বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছে টিম টাইগ্রেস। টস জিতে আগে বোলিং বেছে নিয়েছে দল।

আঙুলের চোটের কারণে খেলতে পারছেন না নতুন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নেতৃত্ব দিচ্ছেন ফাহিমা খাতুন।

বাঁহাতি পেসার ফারিহা ইসলামের আন্তর্জাতিক অভিষেক হয়েছে এ ম্যাচে। অন্যদিকে ১০টি টি-টুয়েন্টি খেলার পর ওয়ানডেতে অভিষেক হয়েছে সানজিদা ইসলাম মেঘলার।

বাংলাদেশ সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল ২০২০ সালের ২ মার্চ, অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপে। সবশেষ ওয়ানডে খেলেছে তারও পাঁচ মাস আগে।

২০১৯ সালের ৪ নভেম্বর লাহোরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলে রুমানা আহমেদের নেতৃত্ব। ১ উইকেটে জিতে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ড্র করে দেশে ফিরেছিল মেয়েরা। দুই বছর পর আবার ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশের মেয়েরা। পরের ম্যাচ দুটি ১২ ও ১৫ নভেম্বর। দ্বিপাক্ষিক সিরিজ শেষে জিম্বাবুয়েতেই ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নেবে নিগার সুলতানার দল।

২১ নভেম্বর হারারেতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নিউজিল্যান্ডে বসতে যাওয়া ২০২২ বিশ্বকাপের টিকেট কাটার অভিযান।

বিষয়:টিম টাইগ্রেস বাংলাদেশ নারী ক্রিকেট দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…