‘বিশ্ব চলচ্চিত্রে বাংলাদেশ হয়ে উঠুক উজ্জ্বল’-এই শ্লোগানে ৫ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত ২৪টি সেরা কাহিনীচিত্র নিয়ে শুরু হয় ‘আনন্দ আলো চারুনীড়ম কাহিনীচিত্র উৎসব ২০১৮’। নাটকগুলো প্রদর্শনের পর এবার সেরা নাটক বাছাইয়ের পালা। শনিবার শাহবাগ পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে নাটক প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হলো ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনীচিত্র উৎসব-২০১৮’।
এবার শুরু হতে যাচ্ছে ‘চারুনীড়ম কাহিনীচিত্র পুরস্কার ২০১৭ ও ২০১৮’। ১১ মার্চ রবিবার সন্ধ্যা ৬টায় শাহবাগ পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সেরাদের হাতে তুলে দেয়া হবে এই পুরস্কার।
এবারের কাহিনীচিত্রগুলোর মধ্য থেকে মোট ১২টি বিভাগে ৬০ জন শিল্পী ও কলাকুশলীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ ১২ জনকে প্রদান করা হবে চারুনীড়ম টেলিভিশন কাহিনীচিত্র পুরস্কার। সেই সঙ্গে প্রদান করা হবে ২০১৭ সালের পুরস্কার।
২০০৮ সালে প্রায় সবক’টি বেসরকারি চ্যানেলেই এক ঘন্টার কাহিনীচিত্র নিয়মিতভাবে প্রচার বন্ধ হয়ে গিয়েছিল। চ্যানেলগুলোতে নিয়মিতভাবে এক ঘন্টার কাহিনীচিত্র প্রচারের লক্ষ্যেই চারুনীড়ম ‘এক ঘন্টার কাহিনীচিত্র বাঁচাও’ কর্মসূচি হাতে নেয় এবং বিভিন্ন চ্যানেলে প্রচারিত এক ঘন্টার কাহিনীচিত্র নিয়ে আয়োজন করে ‘চারুনীড়ম কাহিনীচিত্র উৎসব’ এবং ‘চারুনীড়ম কাহিনীচিত্র পুরস্কার’।
২০০৯ সাল থেকে চারুনীড়ম নিয়মিতভাবে উৎসব ও পুরস্কারের আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারও ২০১৭ সালে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত নতুন ও পুরাতন নির্মাতাদের ২৪টি এক ঘন্টার কাহিনীচিত্র নিয়ে শুরু হবে ‘আনন্দ আলো চারুনীড়ম কাহিনীচিত্র উৎসব-২০১৮’।







