প্রথম ম্যাচে খানিক লড়াই। দ্বিতীয় ম্যাচে একদমই বিবর্ন বাংলাদেশ। ফলাফল এক ম্যাচ আগেই সিরিজ হার। সোমবার পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচ খেলতে নামছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়। সবশেষ ম্যাচে পাকিস্তানের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। কোনো বিভাগেই গড়ে তুলতে পারেনি প্রতিদ্বন্দিতা। শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে কিনা দল সেটিই এখন দেখার।
সিরিজ হারের কথা ভুলে শেষটা রাঙাতে চায় বাংলাদেশ। দেশে ফিরতে চায় একটি জয় সঙ্গী করে।
পাকিস্তান সফরে অন্যদের তুলনায় বল হাতে মোটামুটি শফিউল ইসলাম জানিয়েছেন শেষটা কীভাবে ভালো করা যায় সেটিই ভাবছে বাংলাদেশ।
‘সবাই জেতার জন্য খেলে। আমাদেরও লক্ষ্য ছিল জয়। একটা ম্যাচ আছে। ভালোভাবে যেন শেষ করতে পারি সেটাই চাই।
এদিকে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো শেষ ম্যাচের একাদশে তিনটি পরিবর্তনের আভাস দিয়েছেন, ‘সবাইকে সুযোগ দিতে হবে। সিরিজে আমরা ২-০ তে পিছিয়ে আছি। স্কোয়াডের তিনজন এখনও খেলেনি, ওরা অবশ্যই আসবে দলে। আরও কিছু বিকল্প আমরা ভেবে দেখব।’
কোচের কথা ঠিক থাকলে অভিষেক হবে বিপিএল দিয়ে জাতীয় দলে প্রথমবার জায়গা পাওয়া তরুণ পেসার হাসান মাহমুদের। প্রথম দুই ম্যাচে সাইডবেঞ্চে বসে থাকা তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও পেসার রুবেল হোসেনকে দেখা যেতে পারে একাদশে। বাদ পড়তে পারেন দুই ম্যাচেই খরুচে বোলিং করা বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।







