৫৩ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে বাংলায় আখেরি মোনাজাত করা হয়েছে। প্রথমে আরবিতে মোনাজাত শুরু হলেও একপর্যায়ে এখানে অংশগ্রহণকারী লাখো মুসল্লির প্রাণের ভাষা বাংলায় ‘হে আল্লাহ, আমাদের ক্ষমা করে দিন’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে ইজতেমার ময়দান।
গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোনাজাতে অংশ নিয়েছেন। ইজতেমার ময়দান থেকে মোনাজাত সরাসরি সম্প্রচার করা হয় চ্যানেল আইতে।
রোববার সকাল সাড়ে দশটার দিকে আখেরি মোনাজাত শুরু হয়। লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ইজতেমার প্রথম পর্ব। ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে ১৯ জানুয়ারি।
রোববার ভোরে সূর্য ওঠার আগেই ইজতেমা মাঠে দলে দলে আসতে থাকেন মুসল্লিরা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকলেও মোনাজাত উপলক্ষে ভোর থেকেই মহাখালী-টঙ্গী-গাজীপুর রুটে সকল যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ।
এছাড়া এ উপলক্ষে নেওয়া হয় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। অন্য দিনের চেয়ে নিরাপত্তায় মোতায়েন করা হয় আইন-শৃংখলা বাহিনীর প্রায় দ্বিগুণ সদস্য।
মোনাজাতে অংশ নেয়া এবং মোনাজাত শেষে ফিরে যাওয়ার বিশেষ ট্রেন ও বাসের ব্যবস্থা করা করেছে বাংলাদেশ রেলওয়ে এবং বিআরটিসি।









