গল, শ্রীলঙ্কা থেকে: শেষদিনে স্পিন তাণ্ডব নয়, নয় বৃষ্টির বাড়াবাড়ি। হেরাথ জুজু’র ভয়ে কাবু হয়েছে বাংলাদেশ। শেষদিনে ২ ঘণ্টা ৫০ মিনিট এবং ৪৫ ওভার ব্যাট করে ১৯৭ রানে সাঙ্গ হয়েছে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। বাঘের সঙ্গে শ্রীলঙ্কার সিংহের লড়াইয়ের ছিটেফোঁটাও মেলেনি ম্যাচের শেষ ইনিংসে।
আগের দিন ১৫ ওভারে বিনা উইকেটে ৬৭ রান নিয়ে শেষদিনের খেলা শুরু হয়। শুরু হতে না হতেই দিনের দ্বিতীয় ডেলিভারিতে ওপেনার সৌম্য বিদায় নেন। ইনিংসের একমাত্র হাফ সেঞ্চুরিয়ানের সংগ্রহ আগের দিনের ৫৩।
এরপর মাত্র ৪৫ মিনিটে বাংলাদেশের পাঁচ উইকেট চলে যায়। তামিম সেকেন্ড স্লিপে ক্যাচ দিয়ে। তারকা অলরাউন্ডার সাকিব বিদায় নেন লেগ স্লিপে ক্যাচ দিয়ে।
১০৪ রানে পাঁচ উইকেট হারানো বাংলাদেশ ভরসা দেখছিলো মুশফিক ও লিটনের ৫৪ রানের জুটিতে। সেই নির্ভরতাও শেষ হয় ৯৮ বলে ৩৪ রান করে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিক বিদায় নিলে।
কিপার-ব্যাটসম্যান লিটন কুমারের উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারি বাঁহাতি স্পিনারের তালিকায় এক নম্বরে উঠেছেন লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ। ৩৮ বছর বয়সী এ স্পিনার প্রথম ইনিংসে ৩ আর দ্বিতীয় ইনিংসে ৫৯ রানে ৬ উইকেট শিকার করেন। তার মোট শিকার সংখ্যা এখন ৩৬৫।
প্রথম টেস্ট থেকে শূন্য হাতে গল পর্ব শেষ করে এবার কলম্বো মিশন। ১৫ মার্চ কলম্বোর পি সারা ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।







