সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তী ক্রিকেটার রড মার্শ হৃদরোগে আক্রান্ত হয়ে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুলস মাস্টার্স নামে একটি দাতব্য প্রতিষ্ঠানে ইভেন্টের কাজে বুন্দাবার্গে থাকাকালীন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার।
পরে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যান বুলস মাস্টার্সের সংগঠক জন গ্লানভিল এবং ডেভিড হিলিয়ার। তাৎক্ষণিক হাসপাতালে নিতে না পারলে তাকে বাঁচানো সম্ভব হত না বলে জানান কর্তব্যরত ডাক্তার।
‘জন ও ডেভ ক্রেডিট প্রাপ্য কারণ তারা দূত সময়ে অ্যাম্বুলেন্স ম্যানেজ করে হাসপাতালে নিয়ে আসতে পেরেছে।’
সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার ১৯৭০ থেকে ১৯৮৪ সালে অস্ট্রেলিয়ার হয়ে ৯৬ টি টেস্ট খেলে ৩৬৩৩ রান তুলেছেন। এছাড়াও উইকেটের পিছনে ৩৫৫ টি ডিসমিসাল রয়েছে তার।
এছাড়াও ২০১৬ সালে পদত্যাগ করার আগে অস্ট্রেলিয়ার নির্বাচকদের চেয়ারম্যান হিসাবেও কাজ করেছিলেন ৭৪ বছর বয়সী মার্শ।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি মার্শের হার্ট অ্যাটাক নিয়ে উদ্বিগ্ন।
‘আমরা মার্শ সম্পর্কে জেনে বেশ উদ্বিগ্ন আমরা তাকে আমাদের সমস্ত শুভেচ্ছা পাঠাচ্ছি। এই কঠিন সময়ে তার সাথে স্ত্রী রোস এবং তার পরিবারের সদস্য ছাড়াও অনেক বন্ধু রয়েছে। মার্শ আমাদের কিংবদন্তী ও জনপ্রিয় ব্যক্তিত্ব। যারা তার দেখাশোনা করছেন আমরা তাদের ধন্যবাদ জানাই এবং তার দূত সুস্থতা কামনা করি।








