বাড়িতে দাওয়াত দিয়ে অতিথিদের অপমান করলেন বলিউড তারকা হুমা কোরেশী। এই তো কদিন আগেই হুমা এবং তার ভাই সাকিব সেলিম ঠিক করলেন, বাড়িতে ছোট একটা দাওয়াত পর্বের আয়োজন করবেন। আর সাথে সাথেই তৈরি করে ফেললেন অতিথিদের তালিকা। বলিউড অভিনয়শিল্পীরা, কাছের মানুষরা সবাই ছিলেন সেই তালিকায়। তাদের পাশাপাশি হুমার জনসংযোগ অধিদপ্তর থেকে দাওয়াত জানানো হয় পাপারাজ্জিদেরকেও। আর তারা অনুষ্ঠানেও উপস্থিত হন ঠিক সময়ই। এ সময় তারা যখন ছবি নিতে শুরু করেন, ঠিক তখনই ঘটে বিপত্তি। হুমা মুহূর্তেই অগ্নিমূর্তি ধারণ করেন এবং বলেন, ‘কে আপনাদের এখানে আসতে বলেছে?’ এ যেন দাওয়াত দিয়ে অপমান করা।
আর এ ঘটনার পরপরই সেখানে এক বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। পাপারাজ্জিদের কথায়, ‘কীভাবে পরিস্থিতি সামাল দিতে হয় তা হুমার শেখা উচিত, পাশাপাশি তার স্মৃতিশক্তিও বাড়ানো উচিত। তাছাড়া দাওয়াত দিয়ে অপমান করার তো কোনো মানে হয় না।’ ডেকান ক্রনিকল।







