ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নুরের উপর হামলায় জড়িতদের চিহ্নিতকরণ ও বিচারের দাবিতে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে ঢাবি ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
মানববন্ধনে দাঁড়ানোর আগে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাধা দিয়ে হুমকি দিয়েছে বলে চ্যানেল আই অনলাইনের কাছে অভিযোগ করেন কয়েকজন শিক্ষার্থী।
মানববন্ধনে ইংরেজি বিভাগের অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব বলেন: ‘গত শনিবার আমাদের বিভাগের এক শিক্ষার্থীর উপর হামলা হয়েছে। সেটার প্রতিবাদেই আমরা বিভাগের কিছু শিক্ষক-শিক্ষার্থী এখানে দাঁড়িয়েছি। আমরা চাই ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ। আমরা শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা চাই।
কিছুক্ষণ আগে ছাত্র নামধারী কিছু লোক আমাদের হুমকি ধামকি দিয়েছে। ভয়-ভীতি প্রদর্শনের চেষ্টা করেছে। যেটা মোটেই কাম্য নয়। আমরা চাই ধর্ম ও রাজনৈতিক পরিচয়ের উর্ধ্বে সবাই ক্যাম্পাসে নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ পাক।’







