হিলারির ই-মেইল সংক্রান্ত ভুল তথ্য দেয়ায় এফবিআই পরিচালক বরখাস্ত

হিলারি ক্লিনটনের ই-মেইল সংক্রান্ত তদন্তে ভুল তথ্য দেয়ার অভিযোগে মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার ভোরে) হঠাৎ করেই হোয়াইট হাউজের পক্ষ থেকে ঘোষণা করা হয়, জেমস কোমিকে চাকরিচ্যুত করে তার কার্যালয় থেকে অপসারণ করা হয়েছে। ঘোষণাটি বিনা মেঘে বজ্রপাতের মতোই যেন আঘাত করে ওয়াশিংটনকে।
৫৬ বছর বয়সী কোমি চার বছর আগে দশ বছরের জন্য এফবিআই পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। লস অ্যাঞ্জেলেসে এফবিআই এজেন্টদের সামনে বক্তব্য দানের সময় তার এক সহযোগী তার হাতে একটি চিরকুট ধরিয়ে দেন। সেখানে লেখা ছিল, কোমিকে এফবিআই প্রধানের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
চিরকুটটি পড়ে প্রথমে একে রসিকতা মনে করে জেমস কোমি হেসে ফেলেন বলেও জানিয়েছে বিবিসি।
প্রেসিডেন্ট ট্রাম্প কোমিকে পাঠানো বহিস্কারপত্রে লিখেছেন, যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের সুপারিশ অনুসারে, কোমি কার্যকরভাবে এফবিআইয়ের নেতৃত্ব দিতে পারছেন না। চিঠিতে ওই সুপারিশের সঙ্গে একমত প্রকাশ করেন ট্রাম্প।
তবে জেমস কোমির চাকরি হারানোর পেছনে গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল কেলেঙ্কারি তদন্তে ত্রুটির কথা বললেও ডেমোক্র্যাটদের দাবি, কোমি ও তার সংস্থা ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করছিলেন। এ কারণেই তাকে বরখাস্ত করা হয়েছে।
অন্যদিকে জেফ সেশনস বলেছেন, মার্কিন বিচার বিভাগ উচ্চ পর্যায়ের শৃঙ্খলা, ন্যয়পরায়ণতা এবং আইনের শাসনের জন্য বদ্ধপরিকর। তাই এফবিআইয়ের ক্ষেত্রে একটি নতুন সূচনা দরকার।
এফবিআই প্রধান হিসেবে কোমির জায়গায় নতুন কাউকে খুঁজে বের করার কাজ তাৎক্ষণিকভাবে শুরু হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
গত সপ্তাহে কংগ্রেসে হিলারি ক্লিনটনের ই-মেইলের বিষয়ে ভুল তথ্য দিয়েছেন বলে অভিযোগ কোমির বিরুদ্ধে।



