ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিল) সানরাইজার্স হায়দারাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ানস এর মধ্যকার ম্যাচটিতে মুম্বাই-এর জয়ের পথে কোন বাধাই সৃষ্টি করতে পারেনি হায়দারাবাদ। একেবারেই নিরুত্তাপ ম্যাচটিতে মুম্বাই ৬ ওভার ১ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয়।
এ জয়ের মাধ্যমে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে মুম্বাই। শীর্ষস্থানে থাকা চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মঙ্গলবার কোয়ালিফাইয়ার-১ এ মুখোমুখি হবে মুম্বাই।
হায়দারবাদের রাজিব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভার খেলা শেষে হায়দারবাদ সবগুলো উইকেট হারিয়ে মাত্র ১১৩ রানের পুঁজি পায়। মুম্বাইয়ের পক্ষে ইনিংসের সর্বোচ্চ উইকেট শিকারি এবং ম্যান অব দ্য ম্যাচ মিচেল ম্যাকক্লেনাগান ১৬ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন।
হায়দারাবাদের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করে লোকেশ রাহুল। দুটি চারের মারে ২৪ বলে এই সংগ্রহ করেন রাহুল। মুম্বাইয়ের বোলিং নৈপুন্যে হায়দারাবাদের ছয়জন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরেই পৌছাতে পারেননি।
জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটির ব্যাটিং দৃঢ়তায় জয়ের কাছাকাছি পৌছে যায় মুম্বাই। পার্থিব প্যাটেল ৩৭ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। লেন্ডলি সাইমন্স ৪৪ বলে ৪৮ রান করে করন শর্মার বলে শিখর ধাওয়ানের তালুবন্দি হলে ১০৬ রানের জুটি ভাঙ্গে। জয় থেকে মাত্র ৮ রান দূরে থেকে ব্যাট করতে নেমে রহিত শর্মা ৭ রান করেন। ফলে ১৩ ওভার ৫ বল খেলেই জয়ের বন্দরে পৌছে যায় মুম্বাই।
পয়েন্ট তালিকার তৃতীয় রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চতূর্থ রাজস্থান রয়্যালস বুধবার ‘এলিমিনেটর’ ম্যাচে পরস্পরের প্রতিদন্দ্বিতা করবে।






