রান বন্যার ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ডেভিড ওয়ার্নারের দলের পাওয়া জয়টি ৫ রানের।
রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার টসে জিতে ব্যাটিংয়ে নেমে হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৫ রান করে। জবাবে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৮০ রান তোলে পাঞ্জাব।
হায়দরাবাদের বড় সঞ্চয়ে সর্বোচ্চ অবদান রাখেন অধিনায়ক ওয়ার্নার। ঝড়ো ব্যাটিং করে ৫২ বলে ৮১ রানের ইনিংস খেলেন তিনি। ৬টি চার ও ৫টি ছক্কায় ইনিংসটি সাজান অস্ট্রেলিয়ার এই মারকুটে উদ্বোধনী ব্যাটসম্যান।
জয়ের জন্য ১৮৬ রানের লক্ষ্যে নামা পাঞ্জাবের শুরুটা ভালোই ছিল। উদ্বোধনী জুটিতে ৪২ রান তুলে নেওয়ার পর পথ হারায় তারা।
দলীয় ৬৫ রানে প্রথম সারির চার ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে যায় জর্জ বেইলির পাঞ্জাব। তবে ১৪.১ ওভারে ৯৯ রানে ছয় উইকেট হারানো দলটি তাকিয়ে ছিল ডেভিড মিলারের ব্যাটের দিকে।
দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রানের ইনিংস খেলেন মিলার। কিন্তু ৪৪ বলে ২টি চার ও ৯টি ছক্কায় ব্যাটিং ঝড় তুলেও দলকে জয় এনে দিতে পারেননি দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি ব্যাটসম্যান।
হায়দরাবাদের হেনরিকস ও ১৬ রানে ৩টি আর বিপুল শর্মা ২টি করে উইকেট নেন।







