হায়দরাবাদ টেস্ট শুরুর আগে তিন হাজার থেকে ৭৮ রান দূরে ছিলেন। মুশফিকুর রহিম এই টেস্টেই মাইলফলকে পৌঁছাবেন প্রত্যাশাটা তেমনই ছিল। সেটি ছুঁয়ে ফেলেছেন প্রথম সুযোগেই। শনিবার দুর্দান্ত এক অর্ধশতকে চতুর্থ বাংলাদেশি হিসেবে টেস্টের তিন হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন টাইগার অধিনায়ক।
মুশফিকের আগে তামিম ইকবাল, সাকিব আল হাসান ও হাবিবুল বাশার তিন হাজার রান পূর্ণ করেছিলেন। সবার আগে এই কীর্তি গড়েন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। তিনি ৩০২৬ রান নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন। হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিনে ৮২ রানের ঝলমলে একটি ইনিংস খেলা সাকিব আল হাসানের রান ৩২৯৫। বাংলাদেশি হিসেবে এই তালিকার শীর্ষে থাকা তামিম ইকবালের সংগ্রহ ৩৪৬৭ রান।
রাজীব গান্ধী স্টেডিয়ামে ভারতের রানের বোঝার পেছনে ছুটতে যেয়ে এদিন ভেঙে পড়েছিল টাইগার টপঅর্ডার। পরে অপরাজিত ৮১ রানের ইনিংসে প্রতিরোধ গড়ার পথে মাইলফলক পেরিয়ে যান মুশফিক। তৃতীয় দিনের শেষ ওভারে ইশান্ত শর্মার করা পঞ্চম বলটি পুল করে চার মেরে তিন হাজারে ঢুকে পড়েন তিনি।
৫২ টেস্টে মুশফিকের রান এখন ৩০০৩! সঙ্গে আছে ৪ শতক ও ১৬ অর্ধশতক। সর্বোচ্চ রানের ইনিংস ২০০ রানের।









