রাজনীতি

হাসপাতাল থেকে কারাগারে খালেদা জিয়া

হাসপাতাল থেকে কারাগারে খালেদা জিয়া

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন দুর্নীতির দুই মামলায় দণ্ড পাওয়া বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের একটি গাড়িতে করে তাকে নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারে নিয়ে যাওয়া হয়।

তার আগে তাকে হুইল চেয়ারে করে বিএসএমএমইউ-এর কেবিন ব্লক থেকে নামিয়ে আনা হয়। তার ব্যবহৃত জিনিসপত্রও কারাগারে নেয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, নাইকো দুর্নীতি মামলার বিচার শুরু করতে গতকাল বুধবার কারাগারের ভেতরে আদালতের এজলাস স্থানান্তরের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেই হামলায় হাজির করা হবে। 

এর আগে সকাল থেকে বিএসএমএমইউ এলাকা ও কারাগারের চারপাশে সার্বিক নিরাপত্তা বাড়ানো হয়। এসব এলাকার সড়ক যানচলাচলও সীমিত করা হয়।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের রায়ের পর থেকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন খালেদা জিয়া।

তবে গত ৬ অক্টোবর চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

বিষয়:অসুস্থ খালেদা জিয়া কারাবন্দি খালেদা জিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…