হাসপাতালে রাতিন

আবদুর রাতিন
মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা আবদুর রাতিন গুরুতর অসুস্থ। তিনি এখন রাজধানীর পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রাতিনের ছোট ভাই অঞ্জন রহমান বলেন, ‘প্রথমে ভাইয়া চিকুনগুনিয়া রোগে ভুগছিলেন। তবে এখন তিনি লিভার ও কিডনিজনিত সমস্যায় ভুগছেন। এই হাসপাতালে অধ্যাপক ডা. এ কে এম আমিনুল হকের তত্ত্বাবধানে আছেন তিনি।’
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আবদুর রাতিন গুণী একজন অভিনয়শিল্পী। তার রোগমুক্তি কামনা করছি। আর চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে তার চিকিৎসার খরচ দেওয়াসহ যতটুকু সম্ভব, আমরা পাশে থাকব।’
১৯৭০ সালে মোস্তফা মাহমুদ পরিচালিত ‘নতুন প্রভাত’ ছবিতে প্রথম অভিনয় করেন আবদুর রাতিন। এরপর তিনি অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘দেবদাস’, ‘হারানো সুর’, ‘শুকতারা’, ‘জবাব চাই’, ‘স্নেহের প্রতিদান’, ‘চোরের বউ’, ‘মহান বন্ধু’, ‘লালু সর্দার’, ‘স্বার্থপর’। তিনি মঞ্চেও অীবনয় করেছেন। টিভি নাটকে তিনি প্রথম অভিনয় করেন ১৯৭২ সালে। এ পর্যন্ত ২ শতাধিক নাটকে অভিনয় করেছেন।



