বল মাথায় লেগে আহত হওয়া মুশফিকুর রহিমকে শেষ পর্যন্ত হাসপাতালে যেতে হয়। আশার খবর হলো, ডাক্তাররা বলেছেন ইনজুরি তেমন গুরুতর নয়।
ব্লুমফন্টেইন টেস্টের তৃতীয় দিন ইনিংসের ১৪তম ওভারে মুশফিকের হেলমেটের বাঁ দিকে বল লাগে। এরপর ফিজিও এবং সাউথ আফ্রিকার ডাক্তারের নিষেধ উপেক্ষা করে প্রায় ৪০ মিনিট ব্যাট করে যান।
ডুয়ানে অলিভিয়ের মুশফিককে বারবার শর্টবল মারছিলেন। কয়েকটি ছাড়তে পারলেও একটিতে ভড়কে যান। বল লাগার পর মুশফিক মাটিতে বসে পড়েন। বাংলাদেশ দলের ফিজিও ছুটে আসেন। দলের সঙ্গে ডাক্তার না থাকায় সাউথ আফ্রিকার ডাক্তারও মাঠে চলে আসেন। দুজনেই মুশফিককে বিশ্রাম নিতে বলেন।
দ্বিতীয় ইনিংসে মোট ১০টি শর্টবল মোকাবিলা করেন মুশফিক। এর মধ্যে কমপক্ষে দুইবার বিপদে পড়েন।
বাংলাদেশ অধিনায়ক শেষ পর্যন্ত ২৬ রানের মাথায় সাজঘরে ফেরেন। পারনেল তাকে এলবিডব্লিউ বানিয়ে সাজঘর দেখান। মাঠ ছাড়ার পর অস্বস্তি বোধ করায় স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতাল থেকে ফিরে পুরস্কার বিতরণীতে অংশ নেন তিনি।









