চরম ব্যাটিং বিপর্যয়ের পর দলকে উদ্ধারে হাল ধরার চেষ্টা করে যাচ্ছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। এই দুই ব্যাটারের বড় জুটির উপরে বাংলাদেশ দলের প্রথম ইনিংসে স্কোর কত বড় হয়, তা অনেকটাই নির্ভর করছে।
সোমবার সকালে শুরু হওয়া মিরপুর টেস্টের প্রথম দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত স্বাগতিকদের স্কোর ৫ উইকেটে ৬৬ রান। মুশফিক ৪৭ বলে ৩ চারের মারে ২২ ও লিটন দাস ৫৪ বলে ৪টি চারের মারে ২৬ রানে অপরাজিত আছেন।
মাত্র ২৪ রানেই ৫ উইকেট হারিয়ে বসা টাইগারদের পথ দেখানোর পথে থাকা মুশফিক ও লিটন ৪২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। দলের বিপদের মাঝেও ঠাণ্ডা মাথায় সাবলীল ভঙ্গিতে ব্যাট করছেন।
এর আগে টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ প্রথম ৩৯ মিনিটের ভেতরেই ৫ উইকেট হারিয়ে বসে। প্রথম ওভারের দ্বিতীয় বলেই কাসুন রাজিথার বলে রানের খাতা না খুলেই বোল্ড হন মাহামুদুল হাসান জয়। রাজিথার সুইং বলে ব্যাট চালাতে দেরি করে ফেলেন জয়। বল তার ব্যাট ও প্যাডের ফাঁক গলে মিডল স্টাম্পে আঘাত করে।
জয়ের মতো রানের দেখা পাননি তামিম ইকবাল। তিনি আসিথা ফার্নান্দোর বলে অন সাইডে শট খেলেন। ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা জয়াবিক্রমা দুর্দান্ত এক ক্যাচ ধরেন।
ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি মুমিনুল হক। টেস্ট অধিনায়ক আসিথার অফ স্ট্যাম্পের বল দেরি করে খেলার খেসারত দেন। বল তার ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েলার গ্লাভসবন্দি হয়।
৮ রান করা নাজমুল হোসেন শান্ত হন বোল্ড, বোলার ছিলেন রাজিথা। অফ স্টাম্পের বাইরে করা লেন্থ বলটি ড্রাইভ করতে গিয়েছিলেন শান্ত। ব্যাট ও প্যাডের ফাঁক খুঁজে পেয়ে বল অফ স্টাম্প উড়িয়ে দেয়।
পরের বলেই সাকিব আল হাসানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রাজিথা। শুন্য রানে ড্রেসিংরুমে ফেরেন মি. অলরাউন্ডার। রিভিউ নিলেও শেষ রক্ষা হয়নি।







