রাত পোহালে বাংলার নতুন বছর ১৪২২।পুরোন বছরের জমা-খরচের হিসাব-নিকাশ নতুন করে তুলতে প্রস্তুতি নিচ্ছেন পুরান ঢাকার ব্যবসায়ীরা। ধুয়ে মুছে নতুন রঙ লাগিয়ে তৈরি করা হচ্ছে দোকানঘরগুলো।
সনাতন বিশ্বাস অনুযায়ী দেনা-পাওনা পরিশোধের মধ্য দিয়ে এদিন নতুনভাবে ক্রেতা-বিক্রেতার সম্পর্কে স্থাপন হয়ে থাকে। ক্রেতারা তাদের দেনা এই উৎসবের মাধ্যমে পরিশোধ করে থাকে।
প্রজন্মের পর প্রজন্ম এই হালখাতার উৎসব পালন করে আসছে বলে জানান ব্যবসায়ীরা। তারা এ উৎসবে ক্রেতাদের মিষ্টি মুখ করিয়ে আমন্ত্রণ জানান। তবে পয়লা বৈশাখ সনাতন ব্যবসায়ীদের কাছে মঙ্গলবার নতুন বছরের প্রথম দিন হলেও তারা একদিন পর অর্থাৎ বুধবার পালন করবেন ।
হালখাতাকে কেন্দ্র করে শাঁখারী বাজার, তাঁতী বাজারের অলিতে গলিতে বেড়ে গেছে টালী খাতা বিক্রি।পুরনো বছরে সমস্ত হিসাব-নিকাশ শেষ করে নতুন বছরে নতুন হিসাব এই টালিখাতায় লেখা হয় বলে জানালেন ব্যবসায়ীরা।
চৈত্র সংক্রান্তিতে রাস্তার অলিতে-গলিতে চলছে শিব-গৌরীর নৃত্য।







