বিপিএলের এবারের মৌসুমে হার থেকে বেরই হতে পারছে না গত আসরের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রোববার রাতে খুলনা টাইটান্সের কাছে ১৩ রানে হেরে টানা তিন ম্যাচ জয় বঞ্চিত থাকল তারা।
মিরপুরের হোম অব ক্রিকেটে ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কুমিল্লা নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে করে ১৩১ রান।
কুমিল্লার ১২ বলে দরকার ছিল জয়ের জন্য ২৪ রান। কিন্তু ১৯তম ওভারে জুনায়েদ মাত্র চার রান দিয়ে সালাউদ্দিনের উইকেটটি শিকার করেন। শেষ ওভারে ২০ রান দরকার হলে শফিউলের ওভার থেকে ছয় রানের বেশি সংগ্রহ করতে পারে নি কুমিল্লা।
১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারে শুভাগতকে দুটি চার মেরে বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়েছিলেন লিটন দাস। কিন্তু ওভারের পঞ্চম বলেই আউট হন লিটন(৮)। দ্বিতীয় উইকেটে ইমরুল ও স্যামুয়েলস ৩০ রানের জুটি গড়েন।
দলীয় ৩৮ রানের ইমরুলের (২১) বিদায়ের পর দ্রুতই সাজঘরমুখী হন শান্ত (১০)।
চতুর্থ উইকেটে স্যামুয়েলস ও আসার জাইদি ৩৩ রানের জুটি গড়েন। তবে দলীয় ৮৪ ও ৮৬ রানে জাইদি ও স্যামুয়েলস আউট হলে পরাজয়ের শঙ্কায় পড়ে কুমিল্লা।
পঞ্চম উইকেটে ক্রিজে আসেন ক্যাপ্টেন মাশরাফি। তিনিও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারে নি।মাত্র ৫ রান করে কুপারের বলে বোল্ড হয়ে প্যাভিলনে ফেরেন তিনি।
ম্যাশের বিদায়ের পর কুমিল্লাকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিল রাশিদ খান ও সোহেল তানভীর জুটি।২১ রানের এ জুটি কুমিল্লাকে জয়ের পথেই রেখেছিল কিন্তু পুরানের সরাসরি থ্রোতে রশিদ খান আউট হলে জয়ের আশা অনেকটাই ফিকে হয়ে যায় কুমিল্লার।
খুলনার বোলারদের মধ্যে শফিউল ইসলাম ও জুনায়েদ খান দু’টি করে উইকেট নেন।
এরআগে কুমিল্লার নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১৪৪ রান করে খুলনা টাইটান্স।










