হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট রেলওয়ে স্টেশনে দ্বিতীয় দিনের মতো জার্মানিতে প্রবেশের দাবিতে বিক্ষোভ করেছে তিন হাজার অভিবাসনপ্রত্যাশী। স্টেশনটি বন্ধ করে দিয়েছে সরকার।
দেশটির দাবি, ইউরোপীয় ইউনিয়নের আইন মানতেই অভিবাসীদের বাধা দিচ্ছে তারা।
জার্মানিসহ ইউরোপের উন্নত দেশগুলোর প্রবেশ পথ হাঙ্গেরি। সম্প্রতি সার্বিয়া হয়ে প্রায় দেড় লাখ অভিবাসী শরণার্থী হাঙ্গেরি হয়ে জার্মানি ও অস্ট্রিয়ার মতো উন্নত দেশে প্রবেশ করেছে। তাদের বেশিরভাগই মধ্যপ্রাচ্য ও আফ্রিকার।
তিন হাজার শরণার্থী বুদাপেস্টের কেলেটি স্টেশনে জার্মানিতে প্রবেশের অনুমতির জন্য দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে।
অনেকেই টিকিট উচু করে ধরে জার্মানি অথবা অন্য কোনো উন্নত দেশে যেতে দেওয়ার দাবি জানান। রাতে স্টেশনের মূল গেটেই ঘুমিয়ে পড়েন অনেকে।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের আজ ইইউ প্রধানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
জার্মানি, ইটালি এবং ফ্রান্স যৌক্তিক সংখ্যায় শরণার্থীদের আশ্রয়ের আহ্বান জানিয়েছে।
যৌথ বিবৃতিতে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপের রাজনৈতিক আশ্রয় দানের আইন সংশোধনেরও দাবি জানিয়েছেন। অভিবাসীদের রাজনৈতিক আশ্রয় দেওয়ারও দাবি জানাচ্ছে বিভিন্ন দেশের মানুষ।
অস্ট্রিয়ায় গত সপ্তাহে একটি লরিতে শ্বাসকষ্টে মারা যাওয়া ৭১ অভিবাসীর স্মরণে স্কাসপিয়েলহাস বোকাম থিয়েটার আয়োজন করে ‘নেভার এগেইন সেভেনটি ওয়ান মার্ডার’।
তারা অভিবাসী শরণার্থীদের ‘রিফিউজিস ওয়েলকাম’ লিখে স্বাগত জানান।






