আগামী দিনগুলোতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিই হবে উন্নয়নের প্রধান হাতিয়ার। আর এ জন্য দরকার বিশ্বমানের কম্পিউটার প্রোগ্রামার। বিশ্বমানের প্রোগ্রামার হওয়ার জন্য গণিত, বিজ্ঞান ও ইংরেজি ভাষার মতো ছোটবেলা থেকেই কম্পিউটার প্রোগ্রামিং-এ নিজেকে দক্ষ করে তুলতে হবে। দেশের হাইস্কুলের শিক্ষার্থীদের এ আহবান জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গুনীজনেরা।
৯, ১০ ও ১২ মার্চ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কুইজ ও প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নেয়। যশোর, খুলনা ও রাজশাহী অঞ্চলে অনুষ্ঠিত জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আঞ্চলিক পর্বে এই আহ্বান জানানো হয়েছিল।
প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আইসিটি কুইজ ও প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে যশোর, খুলনা ও রাজশাহী অঞ্চলের বিজয়ী মোট ২০৩ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছে।
প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে কুইজ ও দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীরা কুইজ ও প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেয়।

দেশের হাইস্কুলের শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার প্রোগ্রামিংকে জনপ্রিয় ও তাদের দক্ষতা বাড়ানোর জন্য সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ তৃতীয়বারের মতো জাতীয় হাইস্কুল আইসিটি কুইজ ও প্রোগ্রমিং প্রতিযোগিতার আয়োজন করেছে। ১৬টি আঞ্চলিক ও ৩টি উপজেলা পর্যায়ের বিজয়ীরা ঢাকায় জাতীয় পর্যায়ে অংশ নেবে। এরপর ধারাবাহিক নির্বাচনের মাধ্যমে ইরানের তেহরানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডের জন্য বাংলাদেশের সদস্যদের নির্বাচন করা হবে।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) প্রতিযোগিতার বাস্তবায়ন সহযোগী হিসাবে এবং কোড মার্শাল জাজিং প্ল্যাটফর্ম হিসাবে ব্যহৃত হচ্ছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগ স্থানীয় আয়োজক হিসাবে সম্পৃক্ত রয়েছে।
আগামী ১৩ মার্চ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাক্রমে পাবনা ও দিনাজপুর অঞ্চলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার সমূয়সূচী http://www.nhspc.org এই ওয়েবসাইট ও https://www.facebook.com/nhspcbd/ফেসবুক পেজে পাওয়া যাবে।










