গাড়ি মালিকসহ সংশ্লিষ্টদের কাছে যে সকল হাইড্রোলিক হর্ন এখনও রয়েছে সেগুলো আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে জব্দ করা হাইড্রোলিক হর্ন পুলিশকে ধ্বংস করতে বলা হয়েছে বলে জানান আইনজীবী মনজিল মোরশেদ।
রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) সংশ্লিষ্টদের এসনক্রান্ত অগ্রগতি প্রতিবেদন দাখিলের পর বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে গত ২৩ আগস্ট হাইকোর্ট ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা শহরে হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধের নির্দেশ দেন।
সেই সঙ্গে হাইড্রোলিক হর্ন আমদানি বন্ধেরও নির্দেশনা দেয়া হয়। এছাড়া বাজারে থাকা হাইড্রোলিক হর্ন সাতদিনের মধ্যে জব্দ করার পাশাপাশি ২৭ আগস্টের পরে যেসব গাড়িতে হাইড্রোলিক হর্ন বাজবে সেই গাড়ীগুলো জব্দেরও নির্দেশ দেওয়া হয়। আর আদালতের এই আদেশ বাস্তবায়নের বিষয়ে অগ্রগতি প্রতিবেদনও দিতে বলা হয়।
মানবাধিকার সংগঠন এইচআরপিবি এর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরশেদের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সেদিন এই আদেশ দেন।







