বিচার বিভাগ নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে হাইকোর্টে এসে নি:শর্ত ক্ষমা চাইলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
মঙ্গলবার বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে তিনি লিখিত আবেদনে তিনি নি:শর্ত ক্ষমা প্রার্থনা করেন। আদালত এবিষয়ে এক সপ্তাহ পর আদেশ দিবেন বলে জানিয়ে ব্যক্তিগত হাজিরা থকে মোয়াজ্জেম হোসেন আলালকে অব্যহতির আদেশ দেন। আদালতে মোয়াজ্জেম হোসেন আলালের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন।
সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে আলালের প্রচারিত বক্তব্যের ভিডিও ক্লিপ গত ২৫ এপ্রিল প্রধান বিচারপতির নজরে আনেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল। পরবর্তীতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বিষয়টি বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য পাঠান। গত ২৯ এপ্রিল আদালত এবিষয়ে শুনানি নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুলসহ আদেশ দেন।
সেই সঙ্গে ওই বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে ১৪ মে সকাল সাড়ে ১০টায় আলালকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তার ওই বক্তব্যের ভিডিও লিংক ৪৮ ঘণ্টার মধ্যে সরাতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দেন হাইকোর্ট।







