বৃষ্টির কারণে টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের আজকের প্রথম ম্যাচটি পন্ড হয়ে যাওয়ায় চরমভা্বে হতাশ নেদারল্যান্ডস। অন্যদিকে মূলপর্বে জায়গা পাওয়ার ব্যাপরে আত্মবিশ্বাসী ওমান হয়েছে আরও উজ্জীবিত।
আজকের বাতিল ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাওয়ায় দুই ম্যাচ শেষে ওমানের পয়েন্ট তিন এবং দুই ম্যাচে নেদারল্যান্ডসের পয়েন্ট ১। তাই ‘এ’ গ্রুপ থেকে মূল পর্বে যেতে ওমান সবচেয়ে এগিয়ে থাকলেও নেদারল্যান্ডসের বিদায় প্রায় নিশ্চিত।
আনুষ্ঠানিকভাবে নেদারল্যান্ডস-ওমানের ম্যাচ পরিত্যক্ত করার ঘোষণা দেয়ার পর নেদারল্যান্ডসের অধিনায়ক পিটার বোরেন বলেন, আমরা চরমভাবে হতাশ। বাছাইপর্ব উৎরানোর জন্য আমরা অনেক সময়, প্রচেষ্টা এবং শক্তি নিয়োগ করেছিলান।
নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্বপ্ন এখানেই শেষ বললেই চলে। তবে সূক্ষ সমীকরণে এখনও খানিক আশা থাকলেও অধিনায়ক নিজেও তেমন ভরসা পাচ্ছেন না বলেই মনে হয়। তিনি বলেন, বাংলাদেশের কাছে তীব্র প্রতিযোগিতাপূর্ণ ম্যাচে হারের পর আজকের ম্যাচের এইরকম সমাপ্তিতে আমরা হতাশ। এই ম্যাচে আমরা আরও অনেক ভালো করতে পারতাম, বিষয়টিই আমাদের ভবিষ্যতে কিছু সময়ের জন্য তাড়া করে বেড়াবে।
অপরদিকে বাছাইপর্বের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে চমক দেখানো ওমান মূলপর্বে যাওয়ার ব্যাপারে আশাবাদী। ওমানের অধিনায়ক সুলতান আহমেদ বলেন, আমরা খেলায় ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী। বাংলাদেশকে (১৩ মার্চ অনুষ্ঠিতব্য) হারাতে পারলেই আমরা আসরে টিকে থাকবো। আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের সাথে আমাদের পারফরম্যান্স স্থিতিশীল ছিলো। আমরা সবাই চরম উত্তেজনার মধ্যে আছি।






