হঠাৎ এলোমেলো অস্ট্রেলিয়া, বড় লিডের পথে পাকিস্তান

অভিষেকে ছয় উইকেট নিলেন বিলাল আসিফ
উদ্বোধনী জুটিতে ১৪২ রান। অথচ ২০২ রান পর্যন্ত যেতে যেতে অলআউট! অর্থাৎ, শেষ ৬০ রান তুলতে অস্ট্রেলিয়া হারিয়েছে ১০ উইকেট!
দুবাইয়ে প্রথম টেস্টে এভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে পাকিস্তান। অজিদের ব্যাকফুটে ঠেলে দিতে বল হাতে নেতৃত্ব দিয়েছেন অভিষিক্ত বিলাল আসিফ এবং মোহাম্মদ আব্বাস। তৃতীয় দিন শেষে পাকিস্তানের লিড ৩২৫ রানের। হাতে ৭ উইকেট।
পাকিস্তান টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ২০৮ বলে ১৫টি চারে ১২৬ রান করেন। চার নম্বরে নামা হারিস সোহেল ২৪০ বল খেলে ১১০ রান করেন। আট চার, দুই ছক্কায় সাজানো তার ইনিংস। অলআউট হওয়ার আগে পাকিস্তান স্কোরবোর্ডে ৪৮২ রান জমা করে।
অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ২০২ রানে গুটিয়ে যায়। বিলাল আসিফ ৩৬ রান দিয়ে নেন ৬ উইকেট। বাকি চার উইকেট আব্বাসের।
অথচ অস্ট্রেলিয়ার শুরুটা হয়েছিল দুর্দান্ত। ওপেনিং জুটি থেকে আসে ১৪২ রান। উসমান খাজা ১৭৫ বলে ৮৫ রানের ইনিংস খেলেন। ১৬১ বলে ৬২ করেন অ্যারন ফিঞ্চ।
পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৪৫ রান তুলেছে। ২৩ রানে অপরাজিত আছেন ইমাম-উল হক।



