আগামী ২৩ মার্চ সারাদেশে অনলাইনের মাধ্যমে হজের প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, এবার হজ ব্যবস্থাপনায় কোনো গাফিলতি ধরা পড়লে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।
সৌদি সরকারের নিয়ম অনুযায়ী এবার হজে যেতে হলে ফরম পূরণ থেকে শুরু করে টাকা জমা দেয়া সব কিছুই করতে হবে অনলাইনে।
রোববার সচিবালয়ে ই-হজ সিস্টেমের আওতায় প্রাক নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন শেষে ধর্মমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনাকে সুন্দর, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে পুরো মনিটরিং সিস্টেমেই পরিবর্তন আনা হয়েছে। নির্ধারিত এজেন্সি এবং পরিচয়পত্রের মিল ছাড়া কাউকেই হজ নিবন্ধের আওতায় নিয়ে আসা হবে না।
অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, ই-হজ সিস্টেম চালু করার জন্য আমরা অন্যান্য পদ্ধতি গ্রহণ করেছি। আশা করছি এই ব্যবস্থাপনা চালুর মাধ্যমে হজযাত্রীগণ নির্বিঘ্নে ও স্বচ্ছতার মাধ্যমে তাদের প্রাক-নিবন্ধন ও পরবর্তীতে নিবন্ধনকাজ সম্পন্ন করতে পারবেন।
মন্ত্রী বলেন, হজ এজেন্সিগুলোর সঙ্গে চুক্তির পর সবাইকে ইউজার আইডি দেয়া হবে। এতে অবৈধ পথে হজ নিবন্ধনের সুযোগ থাকবে না।
বলেন, হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনো রকম অনিয়ম দেখা গেলে সেই ব্যক্তি, এজেন্সি, কর্মকর্তা, কর্মচারী যেই হোননা কেন তাদের কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। বিগত বছরগুলোর তুলনায় এবারের হজ ব্যবস্থাপনাকে আরো সুষ্ঠু ও সুন্দর করতে চাই আমরা।
মন্ত্রী বলেন, কোনো হজ যাত্রীর পাসপোর্ট বা এনআইডি নিয়ে সমস্যা সৃষ্টি হলে তা ২৪ ঘণ্টার মধ্যে সমাধান করে দেয়া হবে।







