বাংলাদেশ হকির ‘রয়েল বেঙ্গল টাইগার’ খ্যাত তারকা আব্দুর রাজ্জাক সোনা মিয়া মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোববার ভোরে ইন্তেকাল করেন তিনি। কিডনি সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন এক সময়ের মাঠ কাঁপানো এ হকি তারকা।
সোনা মিয়া হকিকে এতটাই ভালবাসতেন যে, দুই ছেলেকেও বানিয়েছেন হকি খেলোয়াড়। বাংলাদেশ জাতীয় হকি দলের বর্তমান অধিনায়ক রাসেল মাহমুদ জিমি ও রাকিনের গর্বিত পিতা তিনি।
জানুয়ারির শেষদিক থেকেই পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি ছিলেন সোনা মিয়া। যতদিন সুস্থ ছিলেন, লাঠিতে ভর করে খেলা দেখতে মাঠে চলে আসতেন। শেষদিকে সেই সামর্থ্যটুকু পুরোপুরি হারিয়ে বসেন।
রোববার দুপুর ২টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হওয়ার কথা সোনা মিয়ার নামাজে জানাজা।










