ক্লাব কাপ হকিতে জয় পেয়েছে ঢাকার ঐতিহ্যবাহী দুই ক্লাব ঢাকা আবাহনী ও মোহামেডান।
প্রথম ম্যাচে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে আবাহনী। বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে ৫-০ গোলে হারিয়েছে আকাশি-নীলরা। আবাহনীর হয়ে মাকসুদ আলম হাবুল একাই করেছেন তিনটি গোল এবং খোরশেদুর রহমান পেনাল্টি কর্নার থেকে করেছেন বাকি দুটি গোল।

দিনের অন্য ম্যাচে ওয়ারি ক্লাবকে ৪-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ঢাকা মোহামেডান। প্রথমার্ধে দুটি গোল করেছেন দ্বীন ইসলাম ও রাসেল মাহমুদ জিমি। ম্যাচের ১৮ মিনিটে নাজমুল হাসান ওয়ারি ক্লাবের হয়ে ব্যবধান কমালেও, দ্বিতীয়ার্ধে লালন ও রানার আরো দুটি গোলে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সাদা-কালোরা।








