জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নিয়েছেন সৈয়দ আশরাফুল ইসলাম। নতুন মন্ত্রণালয়ে প্রথমদিন অফিস করে তিনি বলেছেন, প্রশাসনে দলীয়করণের কোনো সুযোগ নেই। সৎ ও নিরপেক্ষতাই হবে যোগ্যতার মাপকাঠি।
ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসেই অফিস করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। প্রথমদিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। ঈদের শুভেচ্চা জানিয়ে সাংবাদিকদের আশরাফ বলেন, এই বিভাগের অভিজ্ঞতা না থাকায় প্রথমে নিজে শিখে জ্ঞানের পরিধি বাড়াবেন।
এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, অতীতে এই মন্ত্রণালয়ে দলীয়করণ হয়েছে কি-না তার জানা নেই। তবে যোগ্যরাই কাজের সুযোগ পাবেন।
এসময় তাকে স্বাগত জানান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরীসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা।
গত ১৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পান এলজিআরডি মন্ত্রণালয় হারানো সৈয়দ আশরাফুল ইসলাম। সংস্থাপন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জনপ্রশাসন করার পর সৈয়দ আশরাফই এই দপ্তরের প্রথম পূর্ণমন্ত্রী।







