চ্যাম্পিয়ন্স লিগে ‘ই’ গ্রুপে ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে জিতেছে গত আসরের শিরোপাজয়ী লিভারপুল। বুধবার রাতে অস্ট্রিয়ার ক্লাব স্যালজবুর্গকে ৪-৩ গোলে হারায় চ্যাম্পিয়নরা। নিজেদের প্রথম ম্যাচে নাপোলির বিপক্ষে ২-০ গোলে হেরেছিল ইয়ুর্গেন ক্লপের দল।
শুরুতেই লিভারপুল ৩-০ গোলে এগিয়ে গিয়ে সহজ জয়ের পথে ছিল। এরপরই যেন রেডবুল স্যালজবুর্গের রূপকথার গল্পের মতো ঘুরে দাঁড়ানো। প্রথমার্ধে তিন গোল খেয়ে সমতায় ফেরা মোটেই সহজ কাজ নয়। সেটাই করে দেখায় স্যালজবুর্গ। যদিও শেষ পর্যন্ত তাদের ‘রূপকথা’ আটকে দেন মোহামেদ সালাহ। জোড়া গোলে দলকে উদ্ধার করেন মিশরীয় সুুপারস্টার।
সালাহ ছাড়াও একটি করে গোল করেছেন সাদিও মানে ও অ্যান্ড্রু রবার্টসন। অপরদিকে স্যালজবুর্গের হয়ে গোল করেন হুয়াং হি-চ্যান, তাকুমি মিনামিনো ও আর্লিং হলান্ড।
এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে টানা ১২ ম্যাচে জয়ের দেখা পেল লিভারপুল।
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে বেলজিয়ামের ক্লাব কেআরসি জেঙ্ককে ৬-২ গোলে হারিয়েছিল স্যালজবুর্গ।
ম্যাচের প্রথম ৩৬ মিনিটের মধ্যেই ৩-০তে এগিয়ে যায় লিভারপুল। ৯ মিনিটে মানে, ২৫ মিনিটে রবার্টসন ও ৩৬ মিনিটে দলকে এগিয়ে দেন সালাহ। তবে ২০ মিনিটে তিন গোল করে সমতায় ফেরে স্যালজবুর্গ। ৩৯, ৫৬ ও ৬০ মিনিটে গোল করে তারা। তবে ৬৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন স্যালজবুর্গের ‘রূপকথা’ লেখা আটকে দেন সালাহ।
গ্রুপ ‘এইচ’র ম্যাচে ভালো শুরু ধরে রেখেছে গত আসরের সেমিফাইনালিস্ট আয়াক্স। তারা ৩-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। আছে গ্রুপের শীর্ষে। এই গ্রুপের অন্য ম্যাচে লিলের বিপক্ষে জয় পেয়েছে চেলসি। প্রিমিয়ার লিগে চাপে থাকার পর ইউরোপ সেরার আসরে ম্যাচ জিতে কিছুটা স্বস্তিতে কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। চেলসির হয়ে গোল করেছেন তামি আব্রাহাম ও উইলিয়ান।
‘জি’ গ্রুপের ম্যাচে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে ৩-১ গোলে হারায় জেনিত সেইন্ট পিটার্সবার্গ। এই গ্রুপের অন্য ম্যাচে জার্মান ক্লাব লেইপজিগকে ২-০তে হারায় ফরাসি ক্লাব লিঁও। ‘ই’ গ্রুপের জেঙ্ক-নাপলি ম্যাচটি গোলশূন্য ড্র হয়।







