স্মার্টফোন বিক্রির দিক থেকে অ্যাপলকে পেছনে ফেলেছে চীনের স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে। এর ফলে হুয়াওয়ে স্মার্টফোন বাজারে দ্বিতীয় অবস্থান দখল করে নিয়েছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন এবং জুলাই মাসে অ্যাপলের চেয়ে বেশি স্মার্টফোন বিক্রি করেছে হুয়াওয়ে। আগস্টের বিক্রির দিক থেকে এগিয়ে আছে চীনের এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। বরাবরের মতোই প্রথম অবস্থান ধরে রেখেছে স্যামসাং।
তবে এখানে উল্লেখযোগ্য বিষয় হলো প্রতি বছর সাধারণত দুটি মডেলের স্মার্টফোন বাজারে আনে অ্যাপল। আর এ দুটি মডেলই সারা বছর ধরে বিক্রির প্রায় শীর্ষস্থানে থাকে। অন্যদিকে স্যামসাং এবং হুয়াওয়ের বছরে অনেকগুলো মডেলের স্মার্টফোন বাজারে এনে থাকে।
কাউন্টারপয়েন্টের প্রতিবেদন বলছে, জুলাই মাসে বিক্রির শীর্ষে ছিল আইফোন ৭ এবং আইফোন ৭ প্লাস। এর পরের দুটি সর্বাধিক বিক্রিত মডেল হলো অপ্পো আর১১ এবং অপ্পো এ৫৭। তালিকায় এরপরেই অবস্থান করছে স্যামসাং গ্যালাক্সি এস৮, শাওমি রেডমি নোট ৪এক্স ও স্যামসাং গ্যালাক্সি এস৮ প্লাস। তবে সর্বাধিক বিক্রিত ১০টি ফোনের তালিকায় হুয়াওয়ের কোনো ফোনই স্থান পায়নি।









