বিশেষ অফার নিয়ে শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাব মেলা

বৃহস্পতিবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘টেকশহর ডটকম স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপো ২০১৮’। নবমবারের মতো আয়োজিত এ প্রদর্শনীতে শীর্ষস্থানীয় প্রায় সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাব পাওয়া যাবে।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান জানান, প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দেবে। দর্শকরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই বাছাই করে দেখতে ও কিনতে পারবেন।
সংবাদ সম্মেলনে আর জানানো হয়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে এর আগে সকাল ১০টা থেকেই সাধারণ দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মোবাইল ব্র্যান্ড এবং বিক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এ সময় আগত মেলা উপলক্ষে বিভিন্ন অফারের বিস্তারিত তুলে ধরেন তারা।
১১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ মেলা। মেলা চলাকালীন সময়ে ফেসবুক পেজে চলবে বিশেষ কুইজ। বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় সব পুরস্কার।



