আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের উপর হামলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে না পারার ব্যর্থতার জন্য অবিলম্বে স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মাহমুদুর রহমানের উপর হামলার প্রতিবাদ ও হামলার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবীতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ-বিএসপিপি আয়োজিত মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।
মওদুদ বলেন, মাহমুদুর রহমানের উপর যে আক্রমণ হয়েছে, তাতে সারা জাতি স্তম্ভিত, ক্ষুব্ধ। এটা জাতির জন্য কলংকজনক অধ্যায়৷ তাকে যে রাজনৈতিক কারণে হত্যার উদ্দেশ্যে আদালতে আক্রমণ করা হয়েছে তার প্রতিবাদ জানাই। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তাররে দাবি জানাই।
তিনি বলেন, মাহমুদুর রহমান আইনে বিশ্বাস করেন বলেই কুষ্টিয়ায় একটি ভিত্তিহীন মামলায় জামিন নিতে গিয়েছিলেন। কিন্তু তার উপর যেভাবে পরিকল্পিত আক্রমণ হয়েছে তা ন্যাক্কারজনক। পুলিশের সামনে আক্রমণ হয়েছে। কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিতে সক্ষম হয়নি। সুতরাং আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। তাদের মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার নাই৷
মওদুদ আরো বলেন, এ সরকার কৌশলে সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণে রেখেছে। যদি তাদের বিরুদ্ধে কেউ লিখে তারা ব্যবস্থা নেয়। কারণ এটা একটি স্বৈরাচারী সরকার। আমি আশা করি, আগামী ২ মাসের মধ্যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন ঘটবে।
বিএনপির এই নেতা বলেন, আমরা মাঠে নামবো। মাহমুদুর রহমানের রক্ত বৃথা যেতে দেবে না দেশের মানুষ। একদিন এর বিচার হবেই। আন্দোলনের মাধ্যমে আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো।







