স্পেনে করোনা ভাইরাস ঠেকাতে জরুরি অবস্থা জারির পরও সেখানে একদিনে নতুন আক্রান্ত হয়েছে দেড় সহস্রাধিক ব্যক্তি। দেশটির স্বাস্থ্য বিভাগ বলছে, এ নিয়ে স্পেনে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১৯১ জনের।
বিবিসি জানিয়েছে, গত শুক্রবার রাতে স্পেনে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ২৩১ জন। শনিবার দুপুর পর্যন্ত আক্রান্তের সংখ্যা পৌঁছে যায় ৬ হাজার ২৩ জনে।
ইউরোপে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যায় ইতালির পর সবচেয়ে বেশি স্পেনে। ইতালিতে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে প্রায় ১ হাজার ২৬৬ জন।
স্পেনের ইতিহাসে দ্বিতীয়বারের মতো জরুরি অবস্থা ঘোষণার পরই নতুন করে আক্রান্ত হওয়ার এ খবর প্রকাশ করা হয়। এর আগে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ করোনা সঙ্কট মোকাবিলায় দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন।
শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লুএইচও) জানায়, ইউরোপ এখন করোনা মহামারীর কেন্দ্র হতে চলেছে। জীবন বাঁচাতে এ বিষয়ে সামাজিক প্রচারণা ও সচেতনতা তৈরিতে নানা ধরণের উদ্যোগ গ্রহণ করতে ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটির মহাপরিচালক।
১৯৭৫ সালের পর দ্বিতীয়বারের মতো জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এর আগে ২০১০ সালে জরুরি অবস্থা জারি করা হয় স্পেনে।
করোনা প্রাদুর্ভাবের কারণে মাদ্রিদ এবং এর আশেপাশের অঞ্চলে বেশিরভাগ বার, রেস্তোরাঁ ও দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে বৃহস্পতিবার দেশটির বার্সোলনার উত্তরের চারটি শহরের সবকিছু বন্ধ করে দেয়া হয়।







