ইকার ক্যাসিয়াসকে বাদ দিয়ে যে গোলরক্ষককে বিশ্বকাপ স্কোয়াডে নিয়েছে স্পেন, সেই পেপে রেইনা জড়িয়ে পড়েছেন ইতালির কুখ্যাত মাফিয়া চক্রের সঙ্গে। এমন অভিযোগ ইতালিয়ান পুলিশের। স্প্যানিশ গোলরক্ষকের সঙ্গে ইতালির দুই ফুটবলার পাওলো কানাভারো এবং সালভাদোর অ্যারানোভারও মাফিয়া চক্রে যুক্ত আছেন বলে দাবি তাদের।
বর্তমান ইতালিয়ান লিগ সিরি আ’র দল নাপোলিতে খেলেন রেইনা। আগামী মৌসুমেই তার এসি মিলানে যোগ দেয়ার কথা রয়েছে। কানাভারো এবং সালভাদোরও বেশ কয়েক বছর ধরে নাপোলিতে আছেন।
ফুটবলারদের মাফিয়া যোগ নিয়ে এরইমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে নাপোলি পুলিশের দুর্নীতি দমন ইউনিট। তিন ফুটবলারকে তদন্ত কমিটির সামনে হাজির করতে ইতালিয়ান ফুটবল ফেডারেশনকে নির্দেশও দেয়া হয়েছে। আর তা নিয়ে সভা ডেকেছে ইতালি ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি।
নাপোলি পুলিশ প্রাথমিক তদন্তে দেখতে পেয়েছে, এই তিন ফুটবলারই নানাভাবে সন্দেহভাজন লোকজনের সঙ্গে যোগযোগ রাখেন। যার মধ্যে রয়েছে ইতালির বিখ্যাত মাফিয়া চক্র এস্পাসিতো ব্রাদার্সরাও। গ্যাব্রিয়েল, ফ্রান্সেকো এবং গিসেপ্পে এই তিন মাফিয়া ভাইদের সঙ্গে রেইনাকে নানা অনুষ্ঠানে দেখা গেছে।
সম্প্রতি নাপোলিতে একটি নৈশপার্টিতে যোগ দিয়েছিলেন রেইনা। পার্টি যেখানে হয়েছিল সেটা ছিল এস্পাসিতো ব্রাদার্সের হোটেল। তিনি ছাড়া কানাভোরো এবং সালভাদোর নাপোলির ম্যাচের টিকিট নিয়মিতই দিতেন মাফিয়াদের।
তিন খেলোয়াড়ের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করা হলেও বিষয়য়টি নিয়ে কোনো মন্তব্য পায়নি নাপোলি টুডে।
তদন্ত কমিটি জানিয়েছে, তাদের কাছে প্রমাণ আছে এসবের জন্য কিছু অবৈধ বিনিময় ছিল তিন ফুটবলারের। খেলোয়াড়দের সঙ্গে কয়েকজন ক্লাব কর্মকর্তাও রয়েছেন সন্দেহভাজনের তালিকায়।









