ইংল্যান্ডের সাসেক্সে চলা কন্ডিশনিং ক্যাম্প থেকে দেশের পথে রওনা হয়েছেন মাশরাফি বিন মর্তুজা। স্ত্রী সুমনা হক সুমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দেশে ফিরে আসছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম চ্যানেল আই অনলাইনকে জানালেন, ‘মাশরাফির স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন। তাই ক্যাম্প থেকে ছুটি নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।’
মাশরাফির পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন সুমনা। জ্ঞানও হারান। পরে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। সহধর্মীনীর অসুস্থতার খবরে ইংল্যান্ড সময় শনিবার সন্ধ্যায় রওনা দেন ম্যাশ। রোববার বিকেলেই ঢাকায় পা রাখার কথা ছিল তার। কিন্তু ফ্লাইট জটিলতায় ফেরার সময় পিছিয়েছে টাইগার তারকার। সব ঠিক থাকলে রোববার রাত ১১টার পরপরই বিমানবন্দরে পা রাখার কথা মাশরাফির।
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য ২৬ এপ্রিল দিবাগত রাতে দলের সঙ্গে ইংল্যান্ড যাত্রা করেন মাশরাফি। ২৭ এপ্রিল সাসেক্সে অনুশীলনে অংশ নেন টাইগার অধিনায়ক। স্ত্রী’র অসুস্থতার খবর পেয়ে বিচলিত হয়ে ওঠেন তিনি। কদিনের ছুটিতে তাই দেশের পথে ছুটছেন।
আগামী ১২ মে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ দল। এই সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ড এবং বাংলাদেশ ছাড়াও খেলবে নিউজিল্যান্ড। ইংল্যান্ড থেকে ৭ মে আয়ারল্যান্ড যাবে টাইগাররা। ত্রিদেশীয় সিরিজ শেষে আবার ইংল্যান্ড ফিরে ১ জুন থেকে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে মাশরাফি বাহিনী।








